সারাদেশে গত ১০ দিনে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ, সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাও নেওয়া হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, ঢাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে মশাল, ককটেল ও লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের গ্রেপ্তার করা হয়।



