আরও কমতে যাচ্ছে স্বর্ণের দাম, যা বলছে পূর্বাভাস

গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশে এক ধাক্কায় স্বর্ণের দাম ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমেছে। এমন পরিস্থিতিতে সামনে স্বর্ণের দাম আরও কমতে পারে কি না, তা নিয়ে ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে উদ্বেগ, বাধ্য হয়ে সম্পদ বিক্রি এবং দরপতনের প্রত্যাশায় নেওয়া বিনিয়োগ কৌশলের কারণে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে তীব্র চাপ তৈরি হয়েছে। এর ফলে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু। বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ার আগে তা আরও কমে যেতে পারে।

গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। পুরো সপ্তাহজুড়ে এর দরপতন হয়েছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ গত জানুয়ারিতেই স্বর্ণের দাম উঠেছিল রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে।

মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা বিশ্ববাজারে স্বর্ণের প্রতি আকর্ষণ কমিয়ে দিয়েছে। পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা এবং বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির এক জটিল সংকটের মুখোমুখি।

বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে শক্তিশালী করেছে এবং ট্রেজারি বন্ডের মুনাফার হার বাড়িয়ে দিয়েছে। এতে স্বর্ণের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে; কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না, ফলে অন্য সম্পদের ওপর মুনাফা বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

পাশাপাশি বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারে দরপতন ঘটায় নগদ অর্থ সংগ্রহের জন্য স্বর্ণসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন বিনিয়োগকারীরা, যা স্বর্ণের দরপতনকে আরও ত্বরান্বিত করছে।

সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের চিফ ইনভেস্টমেন্ট অফিসার বিজয় ভালেচা বলেন, শুক্রবারের দরপতন এমন কিছু নেতিবাচক শক্তির প্রতিফলন, যা একে অপরকে আরও শক্তিশালী করে তুলছে। তিনি জানান, এআই সংশ্লিষ্ট শেয়ারগুলোতে বড় ধরনের বিক্রয়চাপের কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ শ্রেণি থেকে নগদ অর্থ তুলে নিচ্ছেন এবং নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রগুলোতে তা সরাচ্ছেন না। তাঁর মতে, যারা বাজারের প্রবণতা অনুসরণ করে বিনিয়োগ করেন, তাঁরা ইতিমধ্যে স্বর্ণের ক্ষেত্রে দরপতন থেকে মুনাফা অর্জনের কৌশল বা ‘শর্ট পজিশন’ বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি হাল ছাড়েননি, যার অর্থ ভবিষ্যতে আরও বিক্রয়চাপ আসার আশঙ্কা রয়েছে।

বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ প্রায় ৩ হাজার ৫২৫ ডলারে লেনদেন হচ্ছে। বিশ্লেষকদের মতে, ক্রেতারা মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৩ হাজার ৫০০ ডলারের স্তরটি ধরে রাখতে পারবেন কি না, তার ওপরই পরবর্তী গতিপথ নির্ভর করছে।