নভেম্বর মাস দেখতে দেখতে শেষ। সামনেই ডিসেম্বর মাস, একে তো বিজয়ের মাস, তারপর আবার বিয়ের মৌসুম। পুরো সময়টাতেই চলবে দাওয়াত, খাওয়া-দাওয়া, সাজগোজের মহাসমারোহ।
এরইমধ্যে অনলাইন-অফলাইনজুড়ে শুরু হয়ে গেছে শাড়ি-গয়না বিকি-কিনির হিড়িক। নানা ধরনের শাড়ির ভিড়ে ঐতিহ্যবাহী জামদানির প্রতিও রয়েছে ক্রেতাদের বিশেষ আগ্রহ। বিয়ে কিংবা যেকোনো উৎসবের আয়োজনে আভিজাত্যপূর্ণ সাজের জন্য অনেকেরই পছন্দ জামদানি। তবে অনেকেই জামদানি কিনতে চান না ভয়ে। কারণ এই শাড়ির সৌন্দর্যের দিক থেকে যেমন নজরকাড়া, তেমনি এর যত্ন নেওয়াও বেশ জটিল বিষয়। একটু পানি লেগে গেলো তো শেষ।
শখের জামদানির যত্নে যা করবেন
১. জামদানি শাড়ি পরিষ্কারের ঐতিহ্যবাহী পদ্ধতি হচ্ছে কাঁটা ওয়াশ। চুলের ‘কাঁটা’র মতো দেখতে একটি বেশ লম্বা কাঠের সরু এবং সুচালো লাঠিতে কাঁটার মতো গেঁথে দেওয়া হয় শাড়ির আঁচল এবং কোল আঁচল বরাবর। তার পরে সেই কাঁটার গায়ে দড়ি আটকে সেটিকে টান টান করে আটকে দেওয়া হয় বাঁশের কাঠামোয়। যাতে কাপড় ও তার উপরের নকশার সুতোগুলো মাটির সঙ্গে সমান্তরাল ভাবে থাকে এবং ঝুলে না পড়ে। যাতে সুতো আলগা না হয়। এই পদ্ধতিতে কাপড় পরিষ্কার করার মূল লক্ষ্য সেটিই।
২. জামদানি শাড়ি পরার পর স্বাভাবিক হাওয়ায় রাখুন বেশ কিছুক্ষণ। ঘাম শাড়িতে থাকলে তা শুকিয়ে যাবে এই পদ্ধতিতে। এছাড়া শাড়ির ভাঁজ খুলে বারান্দাতেও হাওয়ায় শুকোতে দিতে পারেন।
৩. এই শাড়ির উপর অন্য কোনও ভারী শাড়ি চাপিয়ে রেখে দেবেন না। স্টিলের আলমারিতে রাখলে জামদামি ভালো থাকে। সব শাড়ির ওপরে এই শাড়ি রাখতে চেষ্টা করুন। মাঝেমধ্যেই ভাঁজ খুলে আবার নতুন করে ভাঁজ খরে আলমারিতে তুলে রাখুন। এক ভাবে ভাঁজ করে রাখলে শাড়িটি খুব তাড়াতাড়ি ফেঁসে যেতে পারে।
৪. শাড়ির উপর সরাসরি পারফিউম লাগাবেন না, এতে শাড়ির ওপর দাগ ধরে যেতে পারে।
৫. মাঝে মাঝেই শাড়ির ভাঁজ খুলে হাওয়ায় শুকোতে দিন। সরাসরি রোদ যাতে না লাগে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে অবশ্যই।
৬. শাড়ি ইস্ত্রি করার সময়েও সতর্ক থাকতে হবে। শাড়ি উল্টো করে তার উপর সুতির পাতলা কাপড় রেখে ইস্ত্রি করুন। তবেই শাড়ির মান ঠিক থাকবে।



