সঙ্গী খুঁজতে আর লুকোচুরি নয়, জেন-জির নতুন ট্রেন্ড ‘লাউড লুকিং’

বর্তমানে প্রেমের সম্পর্কে কী চান, কেমন সঙ্গী খুঁজছেন, তা স্পষ্ট করেই জানাতে আগ্রহী এ তরুণ প্রজন্ম   

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

কাউকে ভালো লাগছে, কিন্তু তা সহজে প্রকাশ করা যাবে না - এমন মনোভাব ডেটিংয়ের জগতে বেশ পরিচিত। পছন্দের মানুষকে মেসেজ দিতে ইচ্ছা করলেও অপেক্ষা করতে হবে তার বার্তার জন্য। উত্তর দিতে হবে কিছুটা দেরি করে, যেন আগ্রহটা খুব বেশি প্রকাশ না পায়। আবার সম্পর্কের বিষয়ে নিজের প্রত্যাশা থাকলেও তা সরাসরি না বলে অপর পক্ষের মনোভাব বোঝার চেষ্টা চলে। প্রেমের শুরুতে এমন হিসাব-নিকাশকে অনেকেই আকর্ষণ তৈরির কৌশল মনে করেন। তবে এই চেনা কৌশল থেকে সরে আসছেন নতুন প্রজন্মের অনেকে। তারা বরং সম্পর্কের ক্ষেত্রে কী চান, কেমন সঙ্গী খুঁজছেন, তা স্পষ্ট করেই জানাতে আগ্রহী। ডেটিংয়ের এই নতুন প্রবণতার নাম ‘লাউড লুকিং’।

‘লাউড লুকিং’ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হাফপোস্ট ও এই সময় অনলাইন।  

‘লাউড লুকিং’ বলতে কী বোঝায়?

সম্পর্কবিষয়ক থেরাপিস্ট ও সেক্সোলজিস্ট জয় বার্কহাইমারের মতে, ডেটিংয়ের ক্ষেত্রে নিজের আকাঙ্ক্ষা খোলাখুলিভাবে প্রকাশ করাই ‘লাউড লুকিং’। অর্থাৎ, কাউকে ভালো লাগলে তা আড়াল না করা কিংবা সম্পর্কের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি না করে নিজের মনের কথা সরাসরি জানানো। 

এর অর্থ এই নয় যে প্রথম দেখাতেই বিয়ে কিংবা ভবিষ্যৎ জীবন নিয়ে আলোচনা শুরু করতে হবে। বরং আপনি কেমন সম্পর্ক চান, সেটি স্পষ্টভাবে জানানোই এ প্রবণতার মূল উদ্দেশ্য। যেমন - কেউ দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়াতে চাইলে তা শুরুতেই জানাতে পারেন। বন্ধু ও পরিবারের সদস্যদেরও বলতে পারেন যে তিনি সঙ্গী খুঁজছেন। এমনকি ডেটিং অ্যাপের প্রোফাইলেও নিজের প্রত্যাশার কথা উল্লেখ করতে পারেন।

ডেটিং কোচ ও লেখক ডামোনা হফম্যান বলেন, গত বছর টিন্ডারে ব্যবহারকারীদের প্রোফাইলে সবচেয়ে বেশি উল্লেখ করা শব্দ ছিল ‘লুকিং ফর’। তার মতে, অবিবাহিত ব্যক্তিরা এখন নিজেদের সম্পর্কের উদ্দেশ্য প্রকাশে আগ্রহী হচ্ছেন, এটি তারই ইঙ্গিত।

মূলত ‘দেখা যাক কী হয়’ কিংবা ‘যেকোনো কিছু হতে পারে’ - এমন অস্পষ্ট অবস্থান থেকে বেরিয়ে আসাই লাউড লুকিংয়ের লক্ষ্য। নিজের মনোভাব সম্পর্কে শুরু থেকেই স্পষ্ট থাকলে একই ধরনের সম্পর্ক প্রত্যাশা করেন, এমন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

কেন জনপ্রিয় হচ্ছে এই প্রবণতা?

প্রেমের শুরুতে কে আগে আগ্রহ দেখাবেন, কে আগে যোগাযোগ করবেন কিংবা কে কতটা আগ্রহ প্রকাশ করবেন - এসব নিয়ে অনেকেই ভাবেন। কখনো কখনো পছন্দের মানুষটির কাছে নিজেকে কম আগ্রহী দেখানোর চেষ্টাও চলে। তবে এ ধরনের হিসাব-নিকাশের বদলে সঙ্গীর কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করেন, সম্পর্ক নিয়ে তাদের চাওয়া কী - এসব বিষয়ে খোলামেলা আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন তরুণদের একটি অংশ।

বিশেষ করে জেনজ়ি প্রজন্মের মধ্যে নিজের পছন্দ, ব্যক্তিগত সীমারেখা ও সম্পর্কের চাহিদা প্রকাশের প্রবণতা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত পছন্দ ও জীবনযাপনের নানা দিক তুলে ধরার মতো সম্পর্কের বিষয়েও তারা আগের চেয়ে বেশি স্পষ্ট হতে চাইছেন। কেমন সঙ্গী চান কিংবা কী ধরনের সম্পর্কে আগ্রহী, তা জানানোকে এখন আর অনেকেই লজ্জার বিষয় মনে করছেন না।

ডেটিং কোচ সাবরিনা জোহা মনে করেন, নিজের চাওয়া সম্পর্কে স্পষ্ট থাকলে আবেগের বশে সম্পর্কে জড়াতে প্রস্তুত নন, এমন ব্যক্তিদের এড়িয়ে চলা সহজ হয়। এতে অনিশ্চিত সম্পর্কে সময় নষ্ট হওয়ার আশঙ্কাও কমে।  

নিজের চাওয়া স্পষ্ট করে বলার সুবিধা

সম্পর্কের শুরুতেই প্রত্যাশা জানিয়ে দিলে দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়া সহজ হয়। একজন যদি দীর্ঘমেয়াদি সম্পর্ক চান, আর অন্যজন যদি কেবল সময় কাটাতে আগ্রহী হন, তাহলে সেই অমিল শুরুতেই বোঝা সম্ভব। ফলে ভুল প্রত্যাশা নিয়ে সম্পর্কে এগিয়ে যাওয়ার আশঙ্কা কমে।

দম্পতি ও পারিবারিক সম্পর্কবিষয়ক থেরাপিস্ট ট্রেসি রস বলেন, লাউড লুকিংয়ের মাধ্যমে একই ধরনের সম্পর্ক চান এবং সে জন্য প্রস্তুত - এমন দুজন মানুষের মধ্যে যোগাযোগ তৈরি হতে পারে। এতে এমন পরিস্থিতি এড়ানো সহজ হয়, যেখানে একজন মনে করেন সম্পর্কটি ভবিষ্যতের দিকে এগোচ্ছে, অথচ অন্যজনের কাছে সেটি সাময়িক।

ম্যাচমেকিং প্রতিষ্ঠান লুমা লাক্সারি ম্যাচমেকিংয়ের প্রতিষ্ঠাতা এপ্রিল ডেভিসের মতে, এই প্রবণতা মানুষকে নিজের সিদ্ধান্তের বিষয়ে আত্মবিশ্বাসী করে তোলে। সঠিক মানুষ নিজে থেকেই জীবনে আসবেন - এমন অপেক্ষায় না থেকে নিজের চাহিদা অনুযায়ী সঙ্গী খোঁজার ক্ষেত্রে সক্রিয় হওয়া যায়।

এছাড়া নিজের পছন্দ ও প্রত্যাশা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। ডেটিং কোচ সাবরিনা জোহার মতে, এতে নিজের পছন্দ অনুযায়ী সঙ্গী বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়। অনিশ্চিত সম্পর্কে আটকে থাকার প্রবণতাও কমে।

সব ক্ষেত্রে কি ইতিবাচক?

নিজের চাওয়া স্পষ্টভাবে প্রকাশ করা ইতিবাচক হলেও সবাই বিষয়টি একইভাবে গ্রহণ করবেন, এমন নয়। সম্পর্কের শুরুতেই প্রত্যাশার কথা সরাসরি বললে কেউ কেউ অস্বস্তি বোধ করতে পারেন। তাদের কাছে বিষয়টি অতিরিক্ত আগ্রহ কিংবা চাপ তৈরির মতো মনে হতে পারে।

ট্রেসি রস-এর মতে, কেউ লাউড লুকিংকে স্বাগত জানালেও অন্য কেউ এতে ভয় পেয়ে দূরে সরে যেতে পারেন। নিজের চাওয়া ও দুর্বলতা প্রকাশের সঙ্গে প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিও থাকে। 

‘ক্রিয়েটিং রিলেশনশিপ ওয়েলনেস’ বইয়ের লেখক ও কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার অব পিটসবার্গের প্রতিষ্ঠাতা স্টেফানি উইকস্ট্রম বলেন, “অনেকেই সম্পর্কের শুরুতেই ভবিষ্যতে পরিবার গঠন কিংবা সন্তান নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাদের কাছে এসব কথা খুব তাড়াতাড়ি বলা হচ্ছে বলে মনে হতে পারে।”

আবার নিজের প্রত্যাশা জানাতে গিয়ে অতিরিক্ত কঠোর হওয়াও ঠিক নয়। ডেটিং বিশেষজ্ঞ আন্দ্রেয়া ম্যাকগিন্টি বলেন, “ডেটিং অ্যাপ নিয়ে হতাশা কিংবা অতীতের অভিজ্ঞতা নিয়ে নেতিবাচক আলোচনা সম্ভাব্য সঙ্গীর কাছে বিরক্তিকর মনে হতে পারে। এর পরিবর্তে ইতিবাচক ও অর্থবহ কথোপকথনে মনোযোগ দেওয়া উচিত।”

তার মতে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অতিরিক্ত শর্ত আরোপ করলে এমন মানুষের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ নষ্ট হতে পারে, যার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। 

কীভাবে চর্চা করবেন ‘লাউড লুকিং’?

লাউড লুকিং চর্চার শুরুটা হতে পারে নিজের চাওয়া সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির মধ্য দিয়ে। আপনি কেমন সম্পর্ক চান, কোন বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো মেনে নিতে পারবেন না, তা আগে বুঝে নেওয়া প্রয়োজন।

ডামোনা হফম্যানের পরামর্শ, নিজের প্রত্যাশাগুলো ডেটিং অ্যাপের প্রোফাইলে উল্লেখ করা যেতে পারে। তবে ব্যক্তিগত সব বিষয় শুরুতেই প্রকাশ করার প্রয়োজন নেই।

এপ্রিল ডেভিস বলেন, আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি নিজের উদ্দেশ্য সম্পর্কেও সচেতন থাকতে হবে। বারবার নিজের সম্পর্কের অবস্থান ঘোষণা না করে প্রকৃতপক্ষে কী খুঁজছেন, তা সঠিক মানুষদের জানানোই যথেষ্ট।

জয় বার্কহাইমারের পরামর্শ, কী চান না, শুধু সেসব বিষয় তুলে ধরার পরিবর্তে কী চান, তা ইতিবাচকভাবে প্রকাশ করা উচিত। সম্ভাব্য সঙ্গীর মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে নিজের প্রত্যাশার মিল রয়েছে কি না, সেদিকেও খেয়াল রাখতে হবে।

কথোপকথনে কিছুটা রসবোধ ও স্বাভাবিকতাও রাখা যেতে পারে। আন্দ্রেয়া ম্যাকগিন্টি বলেন, “পরিচয়ের পর কিছুটা ঘনিষ্ঠতা তৈরি হলে মজার ছলে পরিবার বা সন্তান নিয়ে প্রশ্ন করা যায়। যেমন কেউ বাচ্চাদের আদর করতে পছন্দ করে কিনা, এমন প্রশ্ন থেকে পরিবার নিয়ে তার ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এতে শুরুতেই গুরুগম্ভীর আলোচনা করতে হয় না।” 

সবশেষে নিজের কথার সঙ্গে কাজের মিল রাখাও জরুরি। সম্পর্কের ক্ষেত্রে নিজের নির্ধারিত সীমা, পছন্দ ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। সম্ভাব্য সঙ্গীর সঙ্গে চাওয়া-পাওয়া না মিললে সেই সম্পর্ক থেকে সরে আসতেও দ্বিধা করা উচিত নয়।

বিশেষজ্ঞদের মতে, শুধু নিজের চাওয়া স্পষ্টভাবে জানালেই কোনো সম্পর্ক সফল হবে, এমন নিশ্চয়তা নেই। এর জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস ও দুজনের প্রচেষ্টা। তবে সম্পর্কের শুরুতেই লুকোচুরি কিংবা অস্পষ্টতার বদলে সততার চর্চা থাকলে একে অপরকে বুঝতে সুবিধা হয়। শেষ পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে কে কতটা কম আগ্রহ দেখালেন, সেটি নয়; বরং দুজনের চাওয়া কতটা মেলে, সেটিই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ।