মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ।
আরিফ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের বাসিন্দা।
মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে শহরে বাবার দোকানে যান আরিফ। সেখান থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন খালের পাড়ে আরিফের জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সহায়তায় খালে তল্লাশি শুরু করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মিয়া রাজ বলেন, “দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জুতা যেখানে পাওয়া গেছে, সেই স্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রায় ৬০ ফুট দূরে পানির নিচে আরিফের মরদেহ পাওয়া যায়।“
ওসি মনির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।



