ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই শনিবারও (২১ নভেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
শনিবারের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবারে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে, দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মঙ্গলবার সারা দেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময়ে দেশে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। এ ছাড়া ফরিদপুরে ৫১ মিলিমিটার, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও মাদারীপুরে ৪৩ মিলিমিটার এবং চাঁদপুর ও খুলনায় ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।



