Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘুম ভাঙার পরও কথা বলতে বা শরীর নড়াতে পারছেন না! কেন হয় এমন

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থার নাম ‘স্লিপ প্যারালাইসিস’ 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই চারপাশের সবকিছু দেখতে পাচ্ছেন। ঘরের পরিবেশও পরিচিত। কিন্তু আশ্চর্যজনকভাবে শরীরের কোনো অংশ নড়াতে পারছেন না। কাউকে ডাকতে চাইছেন, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন বুকের ওপর বসে আছে। কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিট পর হঠাৎ স্বাভাবিক হয়ে গেল শরীর। এমন অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে।

এই অভিজ্ঞতার মুখোমুখি হলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ একে অলৌকিক ঘটনা মনে করেন, কেউ আবার অজানা কোনো বিপদের আশঙ্কা করেন। তবে চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থার নাম ‘স্লিপ প্যারালাইসিস’।

ঘুমের সঙ্গে জড়িয়ে থাকা এই অদ্ভুত অভিজ্ঞতা আসলে কী, কেন হয় এবং এর থেকে মুক্তির উপায়ই বা কী – এসব বিষয়ে কথা বলেছেন ভারতের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সুমনা কোল।   

স্লিপ প্যারালাইসিস কী?

মানুষের ঘুমের একটি পর্যায় হলো ‘র‌্যাপিড আই মুভমেন্ট’ (REM) । এই পর্যায়ে সাধারণত মানুষ স্বপ্ন দেখে। এ পর্যায়ে স্বপ্ন দেখার সময় শরীরের অধিকাংশ পেশি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘REM atonia’।

সাধারণত ঘুম ভাঙ্গার সময় অথবা ঘুমিয়ে পড়ার মুহূর্তে মস্তিষ্ক সচেতন হওয়া গেলেও এই পেশির নিষ্ক্রিয়তা কিছুক্ষণ বজায় থাকে। তখনই ঘটে স্লিপ প্যারালাইসিস।

স্লিপ প্যারালাইসিসের লক্ষণসমূহ

স্লিপ প্যারালাইসিসের ক্ষেত্রে সাধারণত কয়েকটি লক্ষণ দেখা যায় -

নড়াচড়া করতে না পারা: হাত-পা, মাথা বা শরীর নড়াতে না পারা।

কথা বলতে না পারা: চিৎকার করতে বা কাউকে ডাকতে চাইলেও আওয়াজ বের না হওয়া।

বুকে চাপ অনুভব করা: মনে হতে পারে কেউ বুকের ওপর বসে আছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

হ্যালুসিনেশনস: ঘরে কাউকে দেখা, অদ্ভুত শব্দ শোনা বা কারও উপস্থিতি অনুভব করা।

তীব্র ভয়: অসহায়ত্ব, আতঙ্ক বা মৃত্যুভয় অনুভব করা।

সাধারণত এই ঘটনা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হয় এবং আবার নিজে থেকেই কেটে যায়।

কেন হয় স্লিপ প্যারালাইসিস?

ডা. সুমনা কোল এর বেশ কিছু কারণ তুলে ধরেছেন -

  • পর্যাপ্ত ঘুম না হওয়া
  • অনিয়মিত ঘুমের সময়সূচি
  • অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ
  • ঘুমের সময়সূচির হঠাৎ পরিবর্তন
  • শিফট ওয়ার্ক বা জেট ল্যাগ
  • চিত হয়ে ঘুমানোর অভ্যাস
  • নারকোলেপসির মতো কিছু ঘুমজনিত সমস্যা

স্লিপ প্যারালাইসিসের পেছনে ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ঘুমের সময়সূচি অনিয়মিত হলে বা পর্যাপ্ত ঘুম না হলে এর ঝুঁকি বাড়তে পারে।

স্লিপ প্যারালাইসিস হলে যা করবেন

  • নিজেকে মনে করিয়ে দিন, এটি সাময়িক এবং সাধারণত ক্ষতিকর নয়।
  • আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন।
  • আঙুল বা পায়ের আঙুল সামান্য নড়ানোর চেষ্টা করতে পারেন।
  • নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
  • প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান ও ঘুম থেকে উঠুন।
  • ঘুমের আগে ক্যাফেইন ও অতিরিক্ত স্ক্রিন টাইম এড়িয়ে চলুন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

ডা. সুমনা কোল বলেন, বারবার স্লিপ প্যারালাইসিস হলে অতিরিক্ত দিনের ঘুম ঘুম ভাব থাকলে, হঠাৎ ঘুমিয়ে পড়লে অথবা হাসি-রাগের মতো আবেগের সময় পেশির শক্তি হঠাৎ কমে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে স্লিপ ডিসঅর্ডার-এর মূল্যায়ন প্রয়োজন হতে পারে অর্থাৎ উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যার কারণ নির্ণয় করতে পারেন।

কুসংস্কার নয়, প্রয়োজন সচেতনতা

স্লিপ প্যারালাইসিসের অভিজ্ঞতাকে অনেকেই অতিপ্রাকৃত কোনো ঘটনা বলে মনে করেন। বিশেষ করে ঘরে অদৃশ্য কারও উপস্থিতি অনুভব করা কিংবা বুকের ওপর ভারী চাপ অনুভব করার বিষয়টি নানা কুসংস্কারের জন্ম দিয়েছে।

কিন্তু মনে রাখবেন, স্লিপ প্যারালাইসিস কোনো অলৌকিক ঘটনা নয়। এটি ঘুম ও জাগরণের মধ্যবর্তী অবস্থায় ঘটে যাওয়া একটি পরিচিত শারীরবৃত্তীয় ঘটনা। এ সময় ভয় নয়, সঠিক ধারণা ও সচেতনতাই পারে এই আতঙ্ক কমাতে।

   

About

Popular Links

x