একই দিনে পুরুষ দিবস ও বিশ্ব টয়লেট দিবস, কাকতালীয় নাকি অন্য কিছু?

আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব টয়লেট দিবসের উদ্যোক্তা, সময়কাল এবং উদ্দেশ্য, সবই আলাদা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

ক্যালেন্ডারের পাতায় আজ ১৯ নভেম্বর। একই তারিখে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দুটি ভিন্নধর্মী দিবস, আন্তর্জাতিক পুরুষ দিবস এবং বিশ্ব টয়লেট দিবস। একদিকে পুরুষের স্বাস্থ্য, অবদান ও সামাজিক ভূমিকা নিয়ে সচেতনতা তৈরির দিবস; অন্যদিকে মানুষের মৌলিক চাহিদা নিরাপদ শৌচাগার ও স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরার দিন। ভিন্ন প্রেক্ষাপটের এই দুই দিবসের একই দিনে পালিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন নানা আলোচনা ও রসিকতা দেখা যায়, তেমনি অনেকের মনেই প্রশ্ন জাগে, এর পেছনে কোনো যোগসূত্র আছে, নাকি এটি নিছক কাকতালীয় ঘটনা?

আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা ১৯৬০-এর দশক থেকেই আলোচনায় ছিল। নব্বইয়ের দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কয়েকটি সংগঠন ফেব্রুয়ারি মাসে পুরুষ দিবস পালনের উদ্যোগ নিলেও তা ধারাবাহিকতা পায়নি। পরবর্তীতে ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস বিভাগের শিক্ষক ড. জেরোম টিলাকসিংহ ১৯ নভেম্বরকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেন। দিনটি বেছে নেওয়ার পেছনে তার বাবার জন্মদিন এবং ১৯৮৯ সালের ওই দিনে ত্রিনিদাদ ও টোবাগোর একটি ফুটবল দলের মাধ্যমে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার স্মৃতি যুক্ত ছিল। পরিবার ও সমাজে পুরুষের ইতিবাচক ভূমিকা, অবদান এবং শারীরিক-মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল উদ্দেশ্য।

অন্যদিকে, বিশ্ব টয়লেট দিবসের পেছনে রয়েছে গুরুতর জনস্বাস্থ্য ও স্যানিটেশন সংকট মোকাবিলার লক্ষ্য। বিশ্বের বিপুল সংখ্যক মানুষ এখনো নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত; অপরিচ্ছন্ন শৌচাগার ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ছড়ায় নানা রোগবালাই। এই বাস্তবতা তুলে ধরতে সিঙ্গাপুরের সমাজসেবী জ্যাক সিম ২০০১ সালের ১৯ নভেম্বর ‘ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন’ প্রতিষ্ঠা করেন এবং ওই দিনটিকে বিশ্ব টয়লেট দিবস হিসেবে পালনের সূচনা করেন। পরবর্তীতে ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব টয়লেট দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করার বৈশ্বিক লক্ষ্যকে এগিয়ে নেওয়াই এর প্রধান উদ্দেশ্য।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, আন্তর্জাতিক পুরুষ দিবস ও বিশ্ব টয়লেট দিবসের উদ্যোক্তা, সময়কাল এবং উদ্দেশ্য, সবই আলাদা। ১৯৯৯ সালে জেরোম টিলাকসিংহ পুরুষ দিবসের সূচনা করেন এবং তার দুই বছর পর ২০০১ সালে জ্যাক সিম টয়লেট দিবসের উদ্যোগ নেন। দুটি দিবসের মধ্যে কোনো প্রাতিষ্ঠানিক বা ঐতিহাসিক যোগসূত্র নেই; একই তারিখে পালিত হওয়াটা সম্পূর্ণ কাকতালীয় মিল।

একই দিনে দুটি দিবস পড়ায় অনেক সময় বিষয়টি হালকাভাবে বা রসিকতার ছলে দেখা হলেও সংশ্লিষ্টদের মতে, উভয় দিবসের বার্তাই অত্যন্ত জরুরি। নিরাপদ শৌচাগার মানুষের স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত, বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য এর গুরুত্ব অপরিসীম। অন্যদিকে পুরুষ দিবস মনে করিয়ে দেয় পুরুষের মানসিক স্বাস্থ্য, পারিবারিক চাপ ও সামাজিক দায়বদ্ধতার কথা। ক্যালেন্ডারের কাকতালীয় মিলের বাইরে গিয়ে সমাজে অবহেলিত ও সংবেদনশীল এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনার প্রয়োজনীয়তাই তুলে ধরে এই দুটি দিবস।