দিন যত গড়াচ্ছে প্রজনন সংক্রান্ত জটিলতা তত বাড়ছে। অল্প বয়সে মুটিয়ে যাওয়া থেকে শুরু করে পিসিওএস কিংবা থাইরয়েডের মতো জটিল অসুখগুলো প্রতিটি ঘরে জায়গা করে নিচ্ছে। ফলে গর্ভধারণে বেশ বিপাকে পড়তে হচ্ছে নারীদের।
চিকিৎসকের পরামর্শ মেনে চলা কিংবা এক্সারসাইজের পাশাপাশি প্রতিদিনের খাদ্যাভ্যাসও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারী ও পুরুষ উভয়ের প্রজননস্বাস্থ্যের জন্যই সুষম খাবার জরুরি।
তাহলে জেনে নেওয়া যাক, ফার্টিলিটি ভালো রাখতে কোন ৭ ধরনের খাবার রাখতে পারেন প্রতিদিনের খাদ্যতালিকায়।
সবুজ পাতাযুক্ত শাকসবজি
পালং শাক, লাল শাক, মেথি শাকসহ বিভিন্ন ধরনের সবুজ পাতাযুক্ত শাকসবজি পুষ্টির চমৎকার উৎস। এগুলোতে রয়েছে ফোলেট, আয়রন, ক্যালসিয়াম ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে গর্ভধারণের আগে ও গর্ভাবস্থার শুরুর দিকে ভ্রূণের স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশের জন্য ফোলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিয়মিত শাকসবজি খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয় এবং সামগ্রিক প্রজননস্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।
লাল চাল, লাল আট, ওটস
সাদা ভাত বা পরিশোধিত শস্যের পরিবর্তে খাদ্যতালিকায় রাখতে পারেন লাল চাল, ওটস, লাল আটা ও কুইনোয়ার মতো সম্পূর্ণ শস্য। এগুলোতে রয়েছে ফাইবার, বি-ভিটামিন এবং জটিল কার্বোহাইড্রেট। এগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বিশেষ করে পিসিওএসে আক্রান্ত নারীদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। তাই সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এসব সম্পূর্ণ শস্য খাওয়া উপকারী হতে পারে।
বেরি জাতীয় ফল
স্ট্রবেরি, ব্লুবেরি, রাস্পবেরির মতো বেরি জাতীয় ফলে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও ফাইবার। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
প্রজনন কোষের স্বাভাবিক কার্যকারিতার জন্যও অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মৌসুমি ফলের পাশাপাশি বেরি জাতীয় ফল রাখতে পারেন।
তেলযুক্ত মাছ
স্যামন, সার্ডিন, ম্যাকারেল ও অন্যান্য তৈলাক্ত সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি শরীরের স্বাভাবিক প্রদাহ নিয়ন্ত্রণ, কোষের কার্যকারিতা এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
পুরুষের প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রেও ওমেগা-৩ নিয়ে গবেষণা রয়েছে। তবে শুধু মাছ খেলেই স্পার্মের সংখ্যা বা গতি বাড়বে কিংবা নারীদের গর্ভধারণের সম্ভাবনা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে-এমন প্রমাণ এখনো যথেষ্ট নয়। সপ্তাহে নিয়মিত মাছ খাওয়া সুষম খাদ্যাভ্যাসের ভালো অংশ হতে পারে।
বাদাম ও বিভিন্ন ধরনের বীজ
আমন্ড, আখরোট, সূর্যমুখীর বীজ, কুমড়ার বীজ ও ফ্ল্যাক্সসিডে রয়েছে ভিটামিন ই, জিঙ্ক, সেলেনিয়াম, স্বাস্থ্যকর ফ্যাট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।
এসব পুষ্টি উপাদান কোষের স্বাভাবিক কার্যকারিতা এবং প্রজননস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে পুরুষদের স্পার্মের স্বাভাবিক কার্যকারিতার জন্য জিঙ্ক ও সেলেনিয়াম গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন পরিমিত পরিমাণে বিভিন্ন ধরনের বাদাম ও বীজ খেতে পারেন।
ডিম
সহজলভ্য ও পুষ্টিকর খাবার হিসেবে ডিমের জুড়ি নেই। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন বি১২ এবং কোলিন।
বিশেষ করে কোলিন ভ্রূণের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, প্রোটিন শরীরের কোষ গঠন ও বিভিন্ন কার্যক্রম সচল রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে ডিম রাখা ভালো।
দুধ ও ফর্টিফাইড প্ল্যান্ট-বেসড পানীয়
দুধ ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস। পাশাপাশি এতে ভিটামিন ডি থাকতে পারে, বিশেষ করে ফর্টিফাইড দুধে। যারা ল্যাকটোজ ইনটলারেন্সে ভুগছেন বা দুধ পান করতে চান না, তাঁরা ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ ফর্টিফাইড সয়া মিল্ক বা অন্যান্য উদ্ভিজ্জ পানীয় বেছে নিতে পারেন।
ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। তবে এগুলো সরাসরি গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়, এমন দাবি করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই।
শুধু কয়েকটি নির্দিষ্ট খাবার খেলেই ফার্টিলিটি বেড়ে যাবে, এমনটা ভাবার কারণ নেই। বরং সামগ্রিক জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি।
সূত্র: ইন্দিরা ফার্টিলিটি এন্ড আইভিএফ সেন্টার



