বয়স বাড়ার সঙ্গে চেহারায় বলিরেখা পড়বে, চুল পেকে যাবে, ত্বকের স্বাভাবিক টান কমবে - এটাই স্বাভাবিক। অথচ এসব পরিবর্তন মেনে নিতে অনেকেরই অস্বস্তি হয়। কেউ প্রসাধনী ব্যবহার করেন, কেউ চুলে রং করেন, আবার কেউ তারুণ্য ধরে রাখতে নানা ধরনের চিকিৎসা নেন। যেন বয়স বেড়ে যাওয়া এমন কিছু, যা লুকিয়ে রাখতে হবে।
কিন্তু বয়স বাড়াকে আমরা এত নেতিবাচকভাবে দেখি কেন? এটি কি সত্যিই সৌন্দর্য, সক্ষমতা কিংবা জীবনের আনন্দ হারানোর নাম? নাকি সমাজের প্রচলিত ধারণাই আমাদের বার্ধক্যকে ভয় পেতে শিখিয়েছে?
সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে, বয়স নিয়ে নেতিবাচক ধারণা মানুষের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।
বয়স নিয়ে নেতিবাচক ধারণার শুরু যেভাবে
বয়স নিয়ে নেতিবাচক ধারণা অনেক সময় ছোটবেলা থেকেই তৈরি হয়। পরিবার, আশপাশের মানুষের আচরণ কিংবা গণমাধ্যম দেখে শিশুরা বয়স সম্পর্কে নানা ধারণা পায়।
সায়েন্সডাইরেক্টে ২০২৪ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মাত্র তিন বছর বয়স থেকেই শিশুদের মধ্যে বয়সভিত্তিক পক্ষপাত বা বৈষম্য তৈরি হতে পারে। অর্থাৎ, এ ধরনের মনোভাবের পেছনে ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি পরিবার ও সমাজের প্রচলিত ধারণাও ভূমিকা রাখে।
‘এজিজম’ বা বয়সভিত্তিক বৈষম্য কী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংজ্ঞা অনুযায়ী, বয়সের ভিত্তিতে অন্যদের প্রতি কিংবা নিজের প্রতি ক্ষতিকর চিন্তা, অনুভূতি ও আচরণ করাকে বলা হয় ‘এজিজম’ বা বয়সভিত্তিক বৈষম্য।
এ বৈষম্য যেকোনো বয়সের মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে। যেমন জেন-জি প্রজন্মকে বয়োজ্যেষ্ঠদের কেউ কেউ অলস বলে আখ্যা দেন। এটিও বয়সভিত্তিক পক্ষপাতের উদাহরণ। তবে সবচেয়ে বেশি এ ধরনের বৈষম্যের শিকার হন প্রবীণরা।
যুক্তরাজ্যে প্রতি তিনজনের একজন বয়সভিত্তিক কুসংস্কার বা বৈষম্যের মুখোমুখি হন। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় ৫০ থেকে ৮০ বছর বয়সী দুই হাজার প্রাপ্তবয়স্কের ৯৩% জানিয়েছেন, তারা দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে এ বৈষম্যের শিকার হয়েছেন।
কানাডার ম্যাকমাস্টার ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিংয়ের পরিচালক পারমিন্দর রায়না বিবিসিকে বলেন, “এই পুরো বিষয়টির সবচেয়ে মজার দিক হলো, যে ব্যক্তি আজ বয়স নিয়ে অন্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন, একসময় তিনি নিজেও বৃদ্ধ হবেন।”
বয়সভিত্তিক বৈষম্য শুধু কাউকে কম সক্ষম মনে করা নয়; বয়সের কারণে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা কিংবা কোনো সুযোগ থেকে বঞ্চিত করাও এর অন্তর্ভুক্ত।
বয়স নিয়ে নেতিবাচক ধারণা যেভাবে আত্মবিশ্বাস কমায়
সমাজের নেতিবাচক ধারণা একসময় মানুষ নিজের মধ্যেও ধারণ করতে শুরু করে। মনোবিজ্ঞানে একে বলা হয় ‘স্টেরিওটাইপ এমবডিমেন্ট থিওরি’। অর্থাৎ, বয়স নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ধীরে ধীরে মানুষের আচরণ, আত্মবিশ্বাস ও স্বাস্থ্যে প্রভাব ফেলে।
যেমন - কোনো প্রবীণ ব্যক্তি নতুন কিছু শিখতে চাইলেও বয়সের কারণে আর শেখা সম্ভব নয় - এমন ধারণা তাকে পিছিয়ে দিতে পারে। অথচ বয়স বাড়লেও শেখার সক্ষমতা থাকতে পারে।
এছাড়া রয়েছে ‘স্টেরিওটাইপ থ্রেট’। কোনো কাজ শুরুর আগে কাউকে তার বয়সের কথা মনে করিয়ে দেওয়া হলে তিনি তুলনামূলক খারাপ করতে পারেন। কারণ বয়সের কারণে অন্যরা তাকে কম সক্ষম ভাববে - এমন উদ্বেগ তৈরি হয়।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেন্টের মনোবিজ্ঞানের শিক্ষক হান্না সুইফটের মতে, এ ধরনের উদ্বেগ কাজের দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে বয়স্ক মানুষ মানেই দুর্বল বা অক্ষম নন। পারমিন্দর রায়না মনে করেন, অধিকাংশ প্রবীণ মানুষ নিজেদের বাড়িতে স্বাধীনভাবে বসবাস করেন, দৈনন্দিন কাজ করেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অবদান রাখেন। সবার ক্ষেত্রে একই ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয় না।
তারুণ্যই কি সৌন্দর্যের একমাত্র মানদণ্ড?
বিজ্ঞাপন, বিনোদনমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা মানুষের মধ্যে সব সময় তরুণ দেখানোর চাপ তৈরি করতে পারে। বলিরেখা, পাকা চুল কিংবা ত্বকের পরিবর্তনকে তখন স্বাভাবিক বার্ধক্য না ভেবে সৌন্দর্য কমে যাওয়ার লক্ষণ হিসেবে দেখা হয়।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘এজিজম ইজ নেভার ইন স্টাইল’-এর প্রতিষ্ঠাতা জাসিন্থ বাসেট ২০২৩ সালে ‘আই লুক মাই এজ’ নামে একটি প্রচারাভিযান শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি বিশ্বজুড়ে সাড়ে চার কোটির বেশি মানুষ দেখেছেন।
বাসেটের মতে, সংবাদমাধ্যম ও বিজ্ঞাপনে ৫০ বছরের বেশি বয়সী মানুষের প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি। শুধু ধূসর চুলের একজন মডেলকে বিজ্ঞাপনে রাখলেই বয়সের বৈচিত্র্য তুলে ধরা হয় না। বিভিন্ন বয়সের মানুষের জীবনযাপন, অভিজ্ঞতা ও ব্যক্তিত্বকেও গুরুত্ব দিতে হবে।
ইতিবাচক ধারণা আয়ুও বাড়াতে পারে
বয়স সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক বেকা লেভির গবেষণায় দেখা গেছে, বয়স নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন এমন মানুষ নেতিবাচক ধারণা পোষণকারীদের তুলনায় গড়ে সাড়ে সাত বছর বেশি বাঁচেন।
তার গবেষণায় আরও দেখা গেছে, বয়স সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণকারীদের স্মৃতিশক্তির কার্যকারিতা তুলনামূলক ভালো থাকে এবং আলঝেইমার রোগের ঝুঁকিও কম। অন্যদিকে, বয়স নিয়ে নেতিবাচক ধারণা বিষণ্নতা, উদ্বেগ, একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকি বাড়াতে পারে।
বার্ধক্যকে গ্রহণ করতে শিখতে হবে
বয়সভিত্তিক বৈষম্য দূর করতে ব্যক্তিগত ও সামাজিক - দুই পর্যায়েই পরিবর্তন প্রয়োজন। পরিবারের মধ্যে বিভিন্ন প্রজন্মের যোগাযোগ বাড়ানো, প্রবীণদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া এবং গণমাধ্যমে তাদের বৈচিত্র্যময় জীবন তুলে ধরা জরুরি।
যুক্তরাজ্যের মনোবিজ্ঞানের শিক্ষক হান্না সুইফট মনে করেন, বয়স অনুযায়ী মানুষ কী পোশাক পরবেন, কোথায় যাবেন কিংবা কী কাজ করবেন - এসব নিয়ে সমাজের প্রচলিত অলিখিত নিয়ম বদলানো প্রয়োজন। কোনো প্রবীণ ব্যক্তি নাইটক্লাবে গেলে কিংবা নতুন কাজ শুরু করলে তা অস্বাভাবিক মনে করার কারণ নেই।
বয়স বাড়ার সঙ্গে চুল পাকা, বলিরেখা কিংবা শারীরিক পরিবর্তন আসা স্বাভাবিক। নিজের চেহারার যত্ন নেওয়া ব্যক্তিগত পছন্দের বিষয়, তবে বয়সের কারণে নিজেকে কম সুন্দর, কম যোগ্য কিংবা কম গুরুত্বপূর্ণ ভাবার প্রয়োজন নেই।
বার্ধক্য জীবনের শেষ নয়, বরং আরেকটি পর্যায়। বয়সকে ভয় না পেয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং বয়স নির্বিশেষে মানুষের সক্ষমতা, অভিজ্ঞতা ও ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়াই হতে পারে বয়সভিত্তিক বৈষম্য দূর করার প্রথম পদক্ষেপ।



বয়সের ছাপ কমাতে জনপ্রিয় ‘স্লো এজিং’, শুরু করবেন যেভাবে
যেভাবে শিশুদের মধ্যে বাড়ছে ‘কসমেটিকোরেক্সিয়া’