এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (২১ নভেম্বর) তাদের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) ও প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)।
এরমধ্যে ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে এবং মো. আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গত বুধবার রাতে সিআইডির ঢাকা ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।
সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। জালিয়াতির সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে সিআইডি।
প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছিল।



