বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করেও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
এছাড়া মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা এবং জেলা বিএনপির এক নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, “রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। একইসঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে যায়। এ ধরনের ঘটনা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন।”
এদিকে একই রাতে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এছাড়া বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার সফরসঙ্গী শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন।
ময়েন জানান, ঘোনাপাড়া এলাকায় একদল অস্ত্রধারী তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় গাড়ি ভাঙচুর করে টাকা, ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাদের মারধর করা হয়। একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজীকে আটকে রেখে জোরপূর্বক তুলে নিয়ে যায় হামলাকারীরা।
তিনি আরও বলেন, “ফরাজীর ফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “ঘটনার পর থেকেই ফরাজীকে উদ্ধারে দলীয়ভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের জানানো হয়েছে।”
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, “মনিরুল হক ফরাজীকে তুলে নেওয়ার বিষয়টি সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এর আগে মঙ্গলবার রাতেও বাগেরহাট জেলা বিএনপির নেতা হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।



