পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমাসদৃশ একটি বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে লাল টেপে মোড়ানো বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ।
এটি শনাক্ত করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে কে বা কারা প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মতো দেখতে বস্তুটি সেখানে রেখে যায়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা কার্যালয়ের সামনের হেল্প ডেস্কের পাশে একটি চেয়ারের ওপর লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, “সকাল ৯টায় আমাদের স্টাফরা এখানে লাল টেপে মোড়ানো ছোট একটি বস্তু দেখতে পান। আপাতদৃষ্টে মনে হচ্ছে, টিফিন বাটির আকারের একটি বস্তু। আমরা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি, পুলিশ এ বিষয়ে অবহিত আছে। বিশেষ করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে আমাদের বিস্তারিত জানাবেন। আপাতত সেটি বালুর মধ্যে রাখার ব্যবস্থা করা হচ্ছে।”



