ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত আরেক মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।
ঘটনা সম্পর্কে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তি কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রড বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মো.আলমগীর নিহত হন। এই ঘটনায় তার সাথে থাকা অপরজন আহত হয়েছেন।
তবে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায় তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনার পর ট্রাকটি হেফাজতে নিয়েছেন পুলিশ। নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।



