Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ মিছিলে ঢুকে গেল বাস, আহত ৫ নেতা-কর্মী

ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির প্রতিবাদ মিছিলে একটি বাস ঢুকে পড়ায় দলটির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালক খোরশেদ আলমকে (২৪) আটক করেছে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলাম।

দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে আল্লাহর দান পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ছ ১১-২১৪৮) মিছিলের ভেতরে ঢুকে পড়ে। এতে পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেন, “প্রতিবাদ মিছিল চলাকালে একটি বাস সজোরে নেতা-কর্মীদের ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, “ঘটনার পর বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।”

   

About

Popular Links

x