Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবনায় উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

পাবনায় পৃথক ঘটনায় সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল বিস্ফোরণ ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাবনা সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার মধ্যে দুর্বৃত্তরা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল নিক্ষেপ করে। এ সময় কনফারেন্স রুমের একটি থাই গ্লাস ভেঙে ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে কনফারেন্স রুমের কিছু আসবাবপত্র পুড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।  

সকালে কনফারেন্স রুম পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা আগুনে পোড়া আসবাবপত্র ও ভাঙা কাচ দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, রাতের কোনো একসময় নিরাপত্তাপ্রহরীদের অগোচরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, সুজানগর উপজেলার নাজিরগঞ্জে রাতে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফোর আলী।

পাবনা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ককটেল বিস্ফোরণের ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা নেওয়া হচ্ছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

   

About

Popular Links

x