চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেশন রোড এলাকায় দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছানোর আগেই উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণে আনেন। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের বিষয়ে পুলিশ অবগত আছে এবং সেখানে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও কাজ করেছে।” তবে দীপু মনির বাসার আগুন নিয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।



