Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

বাঁশখালীতে গভীর রাতে বাড়ির দরজার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাত পৌঁনে ৩টার দিকে দুই-তিনজন ব্যক্তি বাড়ির সামনে দরজার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পরপরই নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী জানান, রাত ৩টার  দিকে ২-৩ জন দুর্বৃত্ত তার বাড়ির সামনের দরজা ফাঁক করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান তিনি।

আমিনুর রহমান চৌধুরী আরও জানান, বিষয়টি তিনি রাতে টহল দায়িত্বে থাকা রামদাশমুন্সি হাটের পুলিশ বিটের উপপরিদর্শক বাবুকে অবহিত করেছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় বাঁশখালী থানায় জিডি করব এবং পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

   

About

Popular Links

x