Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন

গভীর রাতে ব্যাংকের দুই শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

টাঙ্গাইলে পৃথক স্থানে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসাইল এবং দেলদুয়ার উপজেলায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার বাসাইল ‘স’ মিল এলাকায় এবং দেলদুয়ারে লাউহাটীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, বুধবার ভোর সাড়ে ৩টায় দুর্বৃত্তরা স মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে।

সঙ্গে সঙ্গে ব্যাংকের নৈশ প্রহরী দোতলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের গেটের সামনে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। কে বা কারা করেছে তা জানা যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

অপরদিকে ভোরে দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় শাখার বারান্দা ও সামনের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারনা করা হচ্ছে, তালাবদ্ধ বারান্দায় পেট্রোল নিক্ষেপ করে আগুন জালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক সমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়েছিল। সঙ্গে সঙ্গেই ভবনে থাকা লোকজন জেনে যাওয়ায় আগুন বিস্তার লাভ করতে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x