বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এ সময় ববির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। তারা কক্ষ ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।
ববি ছাত্রদল সভাপতি মোশারফ মারধরে নেতৃত্ব দেন এবং অপর নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে এসব কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বের করা হয়।
ভুক্তভোগী কর্মকর্তারা হচ্ছেন—বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।
এরপর ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
শারীরিকভাবে লাঞ্ছিত কর্মকর্তারা জানান, কর্মস্থল থেকে তাদের মারধর করে নিয়ে এসে প্রক্টর অফিসে আটকে রাখা হয়। এ সময় কয়েকজন কর্মকর্তার চশমা ভেঙে যায় এবং কারও কারও শার্ট ছিঁড়ে যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমান আপনাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগ লুফে নেননি, বরং বেছে নিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এসব মেনে নেবে না। সেই জায়গা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের নিধন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, “শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী ফ্যাসিস্টের যেসব দোসর রয়েছে, তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গতকাল গোপালগঞ্জে তারা থানা জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে, তারাও নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসব হতে দেব না।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, “আপনারা জানেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রক্টর জানিয়েছেন, সন্ধ্যায় চার কর্মকর্তাকে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারজনকে থানায় সোপর্দ করেছে। তারা অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”



