রাজধানীর বাড্ডায় বাস থেকে নামার সময় পেছন থেকে আসা দ্রুত গতির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
বুধবার (১৮ নভেম্বর) সকালে মেরুল-বাড্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
এতে তার বাম হাতের দুই জায়গায় হাড় ভেঙে যায় এবং কয়েক জায়গায় থেঁতলে যায়।
এসময় তাকে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে বামহাতে দু’টি অস্ত্রোপচার হয়।
হাসপাতালটির সহকারী সার্জন ডা. ইমরান হোসেন জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরের দিকে তার বাম হাতে দু’টি অস্ত্রোপচার করা হয়। বাম হাতে আরও একটি অস্ত্রোপচারের কথা রয়েছে।
তবে আর বড় কোনো আঘাত না থাকায় আপাতত তিনি ঝুঁকিমুক্ত বলেও জানান ওই চিকিৎসক।



