Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, একজনকে শোকজ

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরেক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন- জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম ও ছাত্রনেতা রাসেল খন্দকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে শোকজ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এতে বলা হয়, সেলিম রেজার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

   

About

Popular Links

x