ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে গোপালগঞ্জে বাস থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। আহত সাব্বির খান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সাব্বির খান ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত আটটার দিকে বাসটি গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে কয়েকজন বাসটি থামান এবং সাব্বিরের মুঠোফোন তল্লাশি করেন। ফোনে ছাত্রদলের বিভিন্ন পোস্ট ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদকের পদে থাকার প্রমাণ পাওয়ায় তাকে বাস থেকে নামিয়ে তুলে নেওয়া হয়।
পরে ছাত্রদল করার অপরাধে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় লাঠিসোঁটা ও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২০ জনের একটি দল তাকে আটকে রেখে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে জোরপূর্বক বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করে। সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান সাব্বির। পরে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা তাকে শহরের সিও অফিস চত্বর থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিবরণ দিয়ে সাব্বির খান অভিযোগ করেন, যাত্রাপথে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনের দিকে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলে বিষয়টি জানান। এর কিছুক্ষণ পরই গোপালগঞ্জে বাসটি থামিয়ে তাকে তুলে নিয়ে নির্যাতন চালানো হয় এবং জোরপূর্বক ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচার করা হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, গোপালগঞ্জে বাস থামিয়ে সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি ও জোরপূর্বক ভিডিও প্রকাশের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের রুখতে পিরোজপুর জেলা ছাত্রদল সব সময় প্রস্তুত আছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের খোঁজখবর নিয়েছেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি পুলিশ জেনেছে। হাসপাতালে পুলিশ পাঠিয়ে আহত সাব্বির খানের কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



