চলতি বছরে চালু হচ্ছে নতুন ৩ সরকারি মেডিকেল কলেজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষেই প্রতিটিতে ৫০ জন করে মোট ১৫০ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ। এগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। তিনটি কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে হালনাগাদকৃত আসন সংখ্যাসহ সরকারি ও বেসরকারি কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

গত রবিবার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি নীতিমালা হালনাগাদকরণ বিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এ কলেজ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য হাসপাতাল ভবনের দুটি তলা শিক্ষা কার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।

সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান। ৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটিকে কেন্দ্র করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে বিদ্যমান চিকিৎসাসেবা অবকাঠামোকে চিকিৎসা শিক্ষার কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে আসন পুনর্নিধারণের অংশ হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার আসন সংখ্যা ২০০টি থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে।

এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্নিধারণ করা হয়েছে এবং দুটির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ নভেম্বর আসন পুনর্বিন্যাসের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, নতুন তিনটিসহ দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে ৫,২৭০ টি এবং ৬৮ টি বেসরকারি মেডিকেল কলেজে ৬,০২১টি আসন রয়েছে। এছাড়াও নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১,৩৬০টি আসন রয়েছে।

অন্যদিকে, সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজ বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। এ বছর বগুড়া ও কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৭০টি। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।