নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পথচারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক টেঁটাসহ আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহীবাড়ি ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়নের ইটভাটাগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ, ট্রলারে মাটি সরবরাহ, শ্রমিক নিয়োগের কমিশন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সামাদ আলী ও হালিম আজাদ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ ও নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা ও জেলা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক টেঁটাসহ আটজনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও টেঁটা উদ্ধারসহ আটজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় কতজন আহত হয়েছেন তা নির্দিষ্টভাবে জানা নেই। তবে কেউ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকলে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



