গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা করা হয়েছে। এতে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনসহ মোট ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু)সহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করেন। বিজিবির পক্ষ থেকে তাঁদের সরে যাওয়ার অনুরোধ করা হলে একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।



