এবার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ

অধিকাংশ গ্রাহক এজেন্ট পয়েন্ট থেকে ফিরে গেছেন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ বা সীমিত হওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা। 

বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা শুরু হয় এবং বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারাদিন সেই ধারা অব্যাহত ছিল। অনেকের অ্যাকাউন্টে হাজার থেকে লাখ টাকা আটকে যাওয়ায় টাকা উত্তোলন ও পাঠাতে পারছেন না তারা। জরুরি প্রয়োজনে লেনদেন করতে না পেরে অধিকাংশ গ্রাহক এজেন্ট পয়েন্ট থেকে ফিরে গেছেন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে বলে অনেকে সন্দেহ করছেন। বুধবার রাত থেকে গ্রাহকেরা অ্যাকাউন্ট সাময়িক বন্ধের বার্তা পেতে শুরু করেন। বৃহস্পতিবার সারাদিনও এমন বার্তা আসে। বার্তায় লেখা ছিল, ‘স্যার/ম্যাডাম এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

ডিস্ট্রিবিউটর হাউস, এজেন্টসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গোপালগঞ্জ জেলায় বিকাশের প্রায় ১ হাজার ৪০০ এবং নগদের ১ হাজার ৭৫০টি এজেন্ট রয়েছে। এসব এজেন্টের মাধ্যমে জেলার পাঁচ উপজেলায় প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ে অন্তত ২০ কোটি টাকা লেনদেন হয়। সপ্তাহে একদিন শুক্রবার ডিস্ট্রিবিউটর হাউস বন্ধ থাকে। বৃহস্পতিবার বিকাশ এজেন্টদের কাছে টাকা ডিস্ট্রিবিউট করেনি; তবে নগদ এজেন্টদের টাকা সরবরাহ করেছে। এ ছাড়া জেলায় উপায় বা রকেটের গ্রাহক খুবই নগণ্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের মুন্সি মার্কেটের তৃতীয় তলায় বিকাশের ডিস্ট্রিবিউশন হাউস খোলা দেখা যায় এবং সেখানে ক্যাশ কাউন্টারে লেনদেন চলছিল। ওই ডিস্ট্রিবিউশন হাউসের প্রধান শেখ মুজাহিদুল ইসলাম বলেন, বিকাশ, নগদ, উপায়, রকেটসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং গোপালগঞ্জ জেলায় সরকারের পক্ষ থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে। এ জন্য ডিলার, এজেন্ট বা কোম্পানিকে দায়ী করা যায় না; এটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। এতে অনেকের টাকা আটকে গেছে, লেনদেনে সমস্যা হচ্ছে এবং ব্যবসার ক্ষতি হচ্ছে। একদিন ব্যবসা বন্ধ থাকলে বড় ক্ষতি হয়।

তিনি আরও জানান, আন্দোলনকে কেন্দ্র করে এটি করা হয়ে থাকতে পারে। আন্দোলন ছোট হলে দ্রুত মোবাইল ব্যাংকিং খুলতে পারে, আর বড় হলে কিছুটা বিলম্বিত হতে পারে। তবে আটকে যাওয়া টাকা গ্রাহকেরা পাবেন বলে আশ্বস্ত করেন তিনি। পরে শহরের পাবলিক হল মোড়ে জান মোহাম্মদ প্লাজার তৃতীয় তলায় বিকাশের আরেকটি ডিস্ট্রিবিউশন হাউসে গিয়ে দুটি দরজা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব জানান, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ হয়নি। গোপালগঞ্জের এনআইডি দিয়ে খোলা অনেক অ্যাকাউন্টে লেনদেনসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। ঘনঘন বড় লেনদেন হওয়া অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে এবং এ কারণে এমনটি হতে পারে বলে ধারণা করছেন তিনি। বৃহস্পতিবার বিকাশ ডিস্ট্রিবিউটর হাউস থেকে এজেন্টদের টাকা সরবরাহ করা হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

রকেটের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান বলেন, অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত তাঁরা পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ পেয়েছেন এবং সমস্যার কারণ জানতে রকেটের কাস্টমার কেয়ারে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে শহরের বড় বাজারের আলিয়া মাদ্রাসা মোড়, নতুন বাজার, ফলপট্টি ও মাছ বাজার এলাকার বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্টদের কাছে গিয়ে গ্রাহকদের ভোগান্তির চিত্র দেখা যায়। পরিবারের খরচ, জরুরি সেবা, পানি ও বিদ্যুৎ বিল, চিকিৎসা এবং কৃষিকাজের প্রয়োজনীয় অর্থ পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে। লকডাউনে জেলায় সর্বাত্মক কর্মসূচি পালিত হলে হাটবাজার বন্ধ থাকার আশঙ্কায় সাপ্তাহিক ছুটির আগের দিন শহরে ক্রেতার সমাগম বেশি ছিল। অনেকেই জরুরি কেনাকাটাসহ বিভিন্ন প্রয়োজন ধারদেনা করে মেটাচ্ছেন বলে জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস বলেন, মাসের শেষ হওয়ায় হাতে টাকা নেই; ডিসেম্বর মাসে বেতন পাবেন। বিকাশ অ্যাকাউন্টে সাড়ে ৫ হাজার টাকা ছিল, কিন্তু বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠার আগেই অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়া হয়। ফলে ধারদেনা করে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পাশাপাশি সাধারণ গ্রাহকদের জরুরি লেনদেন চালু রাখার দাবি জানান তিনি।

শহরের মাদ্রাসা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী মো. সালাহউদ্দিন মোল্লা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে বার্তা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে লেনদেন করতে পারছেন না। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং পরের দুই দিন লকডাউন থাকায় কবে লেনদেন করতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় আছেন তিনি।

শহরের পাওয়ার হাউস মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ বলেন, বোরো মৌসুম শুরু হয়েছে। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে ৭ হাজার টাকা পাঠাতে গিয়ে দেখেন বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। এই অবস্থা দীর্ঘ হলে বীজ কিনতে বিলম্ব ও চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তিনি।

তামান্না পারভীন নামের এক নারী বলেন, তার ছেলে রাজশাহীতে পড়াশোনা করে; বিকাশ সেবা বন্ধ থাকায় ছেলেকে টাকা পাঠাতে পারছেন না। সাধারণ গ্রাহককে এভাবে ভোগান্তিতে ফেলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি জরুরি সেবা ও চিকিৎসার খরচ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মেটাতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান।

বিকাশ অ্যাকাউন্টধারী শাকিল আহমেদ বলেন, তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৬৫ হাজার টাকা আটকে পড়েছে; এখন পেমেন্ট দিতে বা নিতে না পারায় কাজকর্ম স্থবির হয়ে গেছে। নতুন বাজার এলাকার ট্রাস্ট ব্যাংকের নিচে বিকাশ, নগদ ও রকেট এজেন্টের ব্যবসা করেন তিনি। তার দাবি, এজেন্ট অ্যাকাউন্ট চালু থাকলেও ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং টাকা তুলতে এসে ৫০-৫৫ জন ফিরে গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিকাশের একাধিক এজেন্ট বলেন, বিকাশে তাদের লাখ লাখ টাকা আটকে পড়েছে। কবে খুলবে তা না জানলেও তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। নির্দিষ্ট অভিযোগ থাকা অ্যাকাউন্ট যাচাই করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ গ্রাহকদের লেনদেন সচল রাখার দাবি জানান তারা।

বিকাশ এজেন্ট তিন্নি স্টোরের স্বত্বাধিকারী তাজুল ইসলাম মোল্লা বলেন, তার বিকাশ, নগদ, রকেট ও উপায় এজেন্ট রয়েছে। প্রতিদিন অন্তত ১৫০ জন লেনদেন করেন, যাদের সিংহভাগই বিকাশের এবং ২০ শতাংশ নগদের গ্রাহক; রকেট ও উপায়ের গ্রাহক প্রতিদিন এক-দুজনও পাওয়া যায় না। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১০০ জন গ্রাহক এলেও মাত্র ১০ জন লেনদেন করতে পেরেছেন, যারা বাইরের জেলার বাসিন্দা। এ দিন বিকাশ ডিলার টাকা ডিস্ট্রিবিউশন বন্ধ রাখায় ব্যবসা করতে পারেননি বলে জানান তিনি।

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করা ঠিক হয়নি; এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েছে। সন্দেহজনক লেনদেনকারীদের অ্যাকাউন্ট বন্ধ করলে সমস্যা নেই, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের অ্যাকাউন্ট বন্ধ করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন-জীবিকার প্রয়োজনে মোবাইল ব্যাংকিং চালু করার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মুঠোফোনে কল করা হলেও তারা সাড়া দেননি; ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।