‘ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে রয়েছে’

এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এসব কথা বলেন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

ক্লাসরুমে পাঠদানে গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব এমপিওভুক্ত শিক্ষক ক্লাস বাদ দিয়ে কোচিং সেন্টারে পড়ান কিংবা মিটিং-মিছিলে যান, তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগামীতে এ ধরনের কর্মকাণ্ডের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘কোচিং সেন্টারগুলোতে অনেক শিক্ষক রয়েছেন, যারা ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি সবকিছু পর্যবেক্ষণ করছি, তালিকা নিচ্ছি, ক্লাসরুমে পড়াতে হবে। যারা এমপিওভুক্ত বা বেতনভুক্ত শিক্ষক, তারা বাইরে কোচিং সেন্টারে যেতে পারবেন না।’’

বেতনভুক্ত শিক্ষকদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, ‌‘‘যখন-তখন মিটিং-মিছিলে গিয়ে রাষ্ট্রবিরোধী কোনো কাজে আপনারা জড়িত হবেন না। কাজ বাদ দিয়ে মিছিলে যাবেন না। যেসব এমপিওভুক্ত শিক্ষক ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, আমি সবাইকে পর্যবেক্ষণে রেখেছি। আগামীতে ক্লাস না করার জন্য তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, মেয়েদের উপবৃত্তি উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) পর্যন্ত চালু করেছিলেন বেগম খালেদা জিয়া, আর তারেক রহমান তা স্নাতক (ডিগ্রি) পর্যন্ত উন্নীত করার ব্যবস্থা করেছেন।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশে যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসা এখন পর্যন্ত কোনো ভবন পায়নি, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রয়োজন অনুসারে ভবন দেওয়া হবে। তবে ফলাফল ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে এই ভবন বরাদ্দ দেওয়া হবে; যেখানে শিক্ষার্থী নেই বা ফলাফল খারাপ, সেসব প্রতিষ্ঠান আপাতত এই সুবিধা থেকে বঞ্চিত হবে।