Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিটার শিক্ষার্থীর আকুতি: ‘আমি ভর্তি ক্যান্সেল করবো ভাই, আমাকে মাইরেন না’

সাভারে বস্ত্র প্রকৌশল ইনস্টিটিউটে ১৮ শিক্ষার্থীকে নির্মম ‌র‍্যাগিংয়ের সময় থাপ্পড়ে কান ফেটে যাওয়ার অভিযোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

ঢাকার সাভারে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) ১ম বর্ষের শিক্ষার্থী নাফিস ইকবাল নিজের ওপর নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, “আমি রুমে ঢুকে পরিচয় দেই। আমি কিছু বলার আগেই আমাকে থাপ্পড় মারতে শুরু করে কানের ওপর, টানা থাপ্পড় দিতে থাকে। আমি করজোড়ে বলেছি, আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন। তারপরও আমাকে মুখে মাথায় থাপ্পড় দিচ্ছিল। আমি একপর্যায়ে বলেছি, ভাই আমি আর পড়াশোনা করবো না। আমি নিটার ছেড়ে দেবো। আমি আজকেই ভর্তি বাতিল করাবো। আমি বাড়ি চলে যাবো। আর পড়বো না। তারপরও মারা থামায়নি।”

গত ১১ নভেম্বর নাফিস ইকবালসহ ১৮ শিক্ষার্থীকে তুচ্ছ ঘটনায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিমুল,শুভ, সাগর শিকদার, প্রান্ত ও সিএসই বিভাগের অমর্ত্য ও তানভীরের বিরুদ্ধে। অভিযুক্তরা ১২তম ব্যাচের শিক্ষার্থী। ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- টেক্সটাইল বিভাগের সাদমান সাকিব, মোস্তাকিম বিল্লাহ, নাফিস ইকবাল, আদর, রিশাদ, তাওসিফ, সিফাত, সিফাত, শাওন, লাবিব, সিএসই বিভাগের রাম রুপম, যুবরাজ, সাদ আব্দুল্লাহ, আইপিই বিভাগের নেহাল, শাফিন আনজিব ও শিহাব।

ভুক্তভোগী শিক্ষার্থীরা এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের কার্যক্রমকে ঘিরে ১৬তম ব্যাচের নিলয় নামে এক শিক্ষার্থীকে ফোন করেন ১২তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য। বিষয়টি নিয়ে ১৫তম ব্যাচের আরেক শিক্ষার্থী নিলয়কে জিজ্ঞেস করেন, কে কল দিছে? কোন ভাই? বিষয়টি জানতে পারেন অমর্ত্য। ওই ঘটনায় তিনি গত ৪ নভেম্বর ১৫তম ব্যাচের রাম রুপম ও মোস্তাকিম বিল্লাহ নামে দুজন শিক্ষার্থীকে ছাত্র হোস্টেলে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ও তাদের চড় থাপ্পড় দেন। ওই ঘটনার পর রাম রুপম নামে এক শিক্ষার্থীর কানে পানি বের হয় ও যন্ত্রণা শুরু হয়। প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর একই বিষয় নিয়ে রাম রুপম, নাফিস ইকবাল ও মোস্তাকিম বিল্লাহ নামে তিন শিক্ষার্থীকে ক্যাম্পাস অভ্যন্তরে ছাত্র হোস্টেলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে ডেকে নেন ১২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। সেখানে তাদের সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ সময় না পেয়ে তাদের খোঁজার চেষ্টা করলে ১২তম ব্যাচের পক্ষ থেকে আরও ১৫ জনকে ৩০৭ নম্বর কক্ষের পাশের করিডরে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেন তারা। এ সময় তাদের চড় থাপ্পড়, কিল-ঘুষি ও হাতের আঙুলের মাঝখানে সিলস্ট্যাম্প ও পয়সা ঢুকিয়ে চাপ দিয়ে ধরে নির্যাতন করেন। এতে সাদমান সাকিবের নাকে রক্তপাত হয়। এছাড়াও আরও কয়েকজনের নিলাফুলা জখম হয়।

নির্যাতনের শিকার শিক্ষার্থী রাম রুপম বলেন, “আমি পুরো ঘটনাই জানতাম না। আমাকে ডেকেছে, আমি গেছি। যাওয়ার পরপরই কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে থাপ্পড় দিতে থাকে৷ কানে এলোপাতাড়ি চড়থাপ্পড়ের একপর্যায়ে আমার কানের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং জায়গায় বসে কাতরানো শুরু করি । সিনিয়র ভাইরা কোনো বাছবিচার ছাড়াই আমাদের নির্মমভাবে মেরেছেন। আমরা অভিযোগ করেছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমি খুবই আতঙ্কে দিন পার করছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম ঘটনা নিয়ে। কান কি আর ঠিক হবে? না কি হবে না এটা নিয়ে,কারণ কানের পর্দা ফেটে গেছে।”

ভুক্তভোগী অপর শিক্ষার্থী নাফিস ইকবাল বলেন, “আমি ভাইদের কাছে করজোড়ে মাফ চেয়েছি। আমাকে ছাড়তে বলেছি। কিন্তু তারা এরপরও আমাকে ক্রমাগত মেরেছেন। আমি এটাও বলেছি, আমি আর নিটারে পড়বো না। কিন্তু আমাকে ছাড়েনি।”

উভয় শিক্ষার্থীই জানান ও লিখিত অভিযোগেও উল্লেখ করা হয়েছে, ১২তম ব্যাচের ছয় শিক্ষার্থী এই মারধরে অংশ নেন।

নিটারের প্রক্টর মোহাম্মদ ফতেহ আলী খান পান্নী বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের বক্তব্য শুনে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা বলেন, “আমি বিষয়টি শুনেছি। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিটারে এই ধরনের কাজের কোনো সুযোগ নেই।”

   

About

Popular Links

x