রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তবে কী কারণে তমাল মাহবুবকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
এর আগে বুধবার রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। তিনি “আলো আসবেই” নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে “আলো আসবেই” নামের গ্রুপটি। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সেখানে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে গ্রুপের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন। সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে তিনি সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।



