পুরুষের মানসিক স্বাস্থ্য ও চ্যালেঞ্জ ভাবার দিন আজ

বিশ্বের ৮০টিরও বেশি দেশে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। বিশ্বের ৮০টিরও বেশি দেশে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, পরিবার ও সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং জীবনের নানা ক্ষেত্রে তাদের চ্যালেঞ্জ ও সংকটের বিষয়গুলো সামনে আনাই এ দিবসের মূল লক্ষ্য।

পরিবার ও সমাজের প্রতিটি স্তরে বাবা, ভাই, স্বামী কিংবা বন্ধু হিসেবে পুরুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। তবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুরুষকে যে মানসিক চাপ, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়, তা প্রায়ই আলোচনার আড়ালে থেকে যায়।

আন্তর্জাতিক পুরুষ দিবস সেই না-বলা কষ্ট ও বাস্তব অভিজ্ঞতাগুলো তুলে ধরার একটি উপলক্ষ। আয়োজকদের মতে, দিবসটি আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে কোনো প্রতিযোগিতার জন্য নয়; বরং নারী-পুরুষ নির্বিশেষে সবার অভিজ্ঞতা, অধিকার ও সমস্যাকে সমান গুরুত্ব দেওয়ার বার্তা দেয়।

২০২৬ সালে ২৮তম বছরে পদার্পণ করেছে আন্তর্জাতিক পুরুষ দিবস। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ বা ‘ভবিষ্যৎ সবার’। ছয় বছর আগে যুক্তরাষ্ট্রের লেখক লিসা ব্রিটন এই ধারণাটি সামনে আনেন। প্রতিপাদ্যটির মাধ্যমে পুরুষদের স্বীকৃতি ও সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসার পাশাপাশি প্রকৃত অন্তর্ভুক্তি, সমতা ও উদারতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস বিভাগের প্রভাষক ড. জেরোম টিলাকসিংহ আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রচলন করেন। এরপর থেকেই প্রতিবছর ১৯ নভেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।

আন্তর্জাতিক পুরুষ দিবস শুধু শুভেচ্ছা বিনিময়ের দিন নয়, বরং পুরুষদের বাস্তব সমস্যা, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক অবস্থান নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম। বিশেষ করে পুরুষের মানসিক স্বাস্থ্য এ দিবসের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। পরিবার ও কর্মক্ষেত্রের দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা, সামাজিক প্রত্যাশা এবং আবেগ প্রকাশ করতে না পারার প্রবণতা অনেক পুরুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে।

সমাজে প্রচলিত ধারণায় অনেক ক্ষেত্রেই পুরুষকে সবসময় শক্তিশালী ও নির্বিকার হিসেবে দেখা হয়; দুর্বলতা প্রকাশ বা কান্না করাকে অস্বাভাবিক মনে করা হয়। এই মানসিক চাপ অনেক পুরুষকে নিজের কষ্ট গোপন রাখতে বাধ্য করে এবং প্রয়োজন হলেও তারা সহজে মানসিক সহায়তা বা চিকিৎসা নিতে চান না। এ কারণে দিবসটিতে বিষণ্নতা, মানসিক স্বাস্থ্য, আত্মহত্যার প্রবণতা এবং ক্ষতিকর পৌরুষের ধারণা নিয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়।

একজন পুরুষ কেবল পরিবারের উপার্জনকারী নন; তিনি কারও বাবা, কারও সন্তান, কারও ভাই কিংবা জীবনসঙ্গী। তার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে পরিবারের অন্য সদস্যদের ভালো থাকাও জড়িত। তাই পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা, স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা এবং মানসিক সংকটে পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।