পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ

বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এবং উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে এ নির্দেশনা দিয়েছে বিজিএমইএ 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র যাচাই করে কারখানায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।  

কারখানায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এবং ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে এ নির্দেশনা দিয়েছে সংগঠনটি।

গত ১৯ নভেম্বর সংগঠনটির সদস্য কারখানার মালিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।  

এতে বলা হয়, পোশাকশিল্পের কারখানাগুলোতে সাম্প্রতিক শ্রম অসন্তোষের মধ্যে সকালে কাজে প্রবেশের সময় কয়েকটি কারখানায় বহিরাগত ব্যক্তিরা শ্রমিকদের ভিড়ে ঢুকে পড়ছেন। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। একদিকে কারখানার জানমালের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উৎপাদনও ব্যাহত হচ্ছে। এছাড়া সাধারণ শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরির শঙ্কাও দেখা দিচ্ছে।

এ পরিস্থিতিতে শ্রমিক-কর্মচারীরা সকালে কারখানায় প্রবেশের সময় পরিচয়পত্র  নিয়ে প্রবেশ করছেন কি না, তা নিশ্চিত করতে সদস্য কারখানাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। একইসঙ্গে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর মাধ্যমে পরিচয়পত্র যাচাই করে শ্রমিকদের কারখানায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে, গত ১ নভেম্বর থেকে মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন শুরু হয় পোশাক শ্রমিকদের। তাদের প্রধান দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করা।  

পাশাপাশি শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিও জানান তারা। এ আন্দোলন বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ায় পোশাক কারখানার উৎপাদন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ফলে অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে।