লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ।
আটক ওই নেতার নাম ইমন হোসেন। তিনি কেরোয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. খোকার ছেলে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আরেক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছিলেন। আগুন ধরিয়েই তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করেন। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক যুবককে জিজ্ঞাসাবাদ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।



