পেট্রাপোলে বিক্ষোভ-সমাবেশ, সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

বেনাপোল রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালাচ্ছে বিজিবি, স্থানীয়রা সহযোগিতা করছে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার বৃদ্ধি করা হয়েছে। পেট্রাপোল সীমান্তে সমাবেশ চলাকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার ঘোরাফেরার গুঞ্জন ওঠার পর থেকে সীমান্তে টহল বৃদ্ধি করা হয়। রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে।

এছাড়া চেকপোস্ট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় বিজিবির সদস্যের পাশাপাশি টহলে সহযোগিতা করছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বেনাপোল সীমান্তের সাদিপুরে গিয়ে দেখা যায়, বিজিবির সদস্যরা সীমান্তে টহল দিচ্ছেন। পাশাপাশি স্থানীয়রাও তাদের সহযোগিতা করছে। উৎসুক জনতাকে সীমান্তের পাশে সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সন্ধ্যার পরে সীমান্তে সার্চলাইট দিয়ে নজরদারি করছেন বিজিবির সদস্যরা। এসময়ও তাদের সঙ্গে স্থানীয়দের দেখা গেছে।

বিজিবি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার (২২ নভেম্বর) সকালে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নানা বক্তব্য দেন বক্তারা।

সমাবেশ চলকালীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক চার জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্তে আসেন বলে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে।

খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য রুট নির্ধারণেই তাদের এই সফর। পেট্টাপোলে দুই ঘণ্টার বেশি তারা পর্যবেক্ষণ করেন।

এমন পরিস্থিতিতে বেনাপোল সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের টার্মিনালের সামনে অবস্থান নেন স্থানীয় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রঘুনাথপুর এলাকার বাসিন্দা চঞ্চল হোসেন নামে এক কৃষক বলেন, “শুনছি সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকবে। অবৈধভাবে যাতে কেউ ঢুকতে না পারে আমরা বিজিবির সঙ্গে প্রতিহিত করবো। প্রতিদিন বিজিবির সঙ্গে টহল দিচ্ছি। সীমান্তে কেউ অস্থিরতা করতে পারবে না। কেউ যদি সীমান্ত দিয়ে ঢুকার চেষ্টা করে, তাহলে তাকে আটক করে পুলিশে দিবো।”

স্থানীয় বাসিন্দা ও শার্শা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “দেশের মানুষ শান্তিতে আছে। পতিত ফ্যাসিস্ট দেশে ঢোকার নামে অস্থিরতা চালায় দেশের মানুষ তাদের প্রতিহিত করবে। রবিবার সীমান্তে পতিত আওয়ামী লীগের নেতারা আসার খবরে সীমান্তে বিজিবি সদস্যরা সর্তক রয়েছেন। আমরা দেখছি তারা তাদের নিয়মিত টহল বৃদ্ধি করেছেন। স্থানীয় বাসিন্দারাও তাদের সহযোগিতা করছেন। প্রতিদিন সীমান্তে যুবদলের ৪০০ কর্মী পাহারা দিবে। কোন ফ্যাসিস্ট দেশে অবৈধভাবে ঢুকতে দিবে না বেনাপোলের বাসিন্দারা।”

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, পলাতক ফ্যাসিস্টদের অনুপ্রবেশ রুখে দিতে ও জনগণে শান্তি বজায় রক্ষার্থে সীমান্তে বিএনপির নেতাকর্মীরা সব সময় কাজ করবে।

বিজিবির একটি সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কৌশলে  সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাদের অধিকাংশই কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যশোর ও সাতক্ষীরার সীমান্ত ভারতের এসব এলাকার কাছাকাছি হওয়ায় এ পথ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতের টহলে পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দিন-রাত টহল আরও বাড়ানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান  বলেন, “আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল। রবিবার দুপুরের পর থেকে সেটা আরও বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

প্রসঙ্গত, যশোরের শার্শা, চৌগাছা ঝিকরগাছাতে মোট ১৪২ কিলোমিটার সীমান্ত রয়েছে। অধিকাংশ সীমানাতেই নেই কাঁটাতার।