‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া ফিরতে দেওয়া হবে না এবং দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।”

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

“আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়”, উল্লেখ করে তিনি বলেন, “তিনি (শেখ হাসিনা) সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা হতে পারে।”

এর আগে, মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এক মুখপাত্রের বরাতে জানায়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা।

এরমধ্য দিয়ে এই প্রথমবারের মতো সংবাদমাধ্যমে দেশে ফেরার কোনো তারিখ উল্লেখ করলেন শেখ হাসিনা। 

এর আগে, এ বছর ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছিলেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সে এমন খবরের বিষয়ে প্রতিক্রিয়া হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “মনের জ্বালায় পয়সা দিয়ে হায়ার করে অনেক লেখাই লেখানো যায়। কিন্তু ইচ্ছা (ডিজায়ার) ও বাস্তবতার (রিয়ালিটি) মধ্যে পার্থক্য বুঝতে হবে।”

বাংলাদেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত এই সরকারের শক্ত ভিত্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা একটি আত্মবিশ্বাসী সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে।”