রাজধানীর কাঁঠালবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার ঘটনায় একে একে মারা গেলো একই পরিবারের মা ও ছেলে।
মা ইফতি সাবার (২৫) মৃত্যুর পর এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দেড় বছরের ছেলে আরিস রহমান মাহাদ।
শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, শিশুটির শরীরের ৫৭% পুড়ে গিয়েছিল।
তিনি আরও জানান, বর্তমানে সাবার স্বামী মানিকের শরীরের ৬%, সানজিদার ৩৭% এবং তার মা শামসুন্নাহার বেগমের ৪০% পুড়ে যাওয়ায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান ইফতি সাবা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও তাদের এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। এছাড়া পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২) দগ্ধ হন।
মানিক জানান, চতুর্থ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন তারা। সকালে বাসার ভেতরে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও দগ্ধ হয়। শিশুকে নিয়ে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। পরে তার স্ত্রী এবং পাশের কক্ষে থাকা সানজিদা ও তার মাও দগ্ধ অবস্থায় বেরিয়ে আসেন।
মানিক আরও জানান, বাসায় সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না করেন তারা। তবে সিলিন্ডারটি ভবনের নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন অথবা কোথাও লিকেজ ছিল। এ কারণে সারা রাত গ্যাস বের হয়েছে। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ তারা ঘটনাস্থলে যান। তবে তার আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরা দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণের শব্দে দরজা-জানালা ভেঙে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকে এ দুর্ঘটনা ঘটেছে।



রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ