পাঁচ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

শনিবার সকাল ৭টায় দানবাক্স খুলে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে 

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স আজ খোলা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্স খুলে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।

পরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দুইতলায় নিয়ে গণনার কাজ শুরু করা হয়। এতে পাঁচ শতাধিক লোকের একটি দল অংশগ্রহণ করেন।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ পাঁচ শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে প্রায় পাঁচ মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দু’টি দান বাক্স।

চলতি বছরের ২৭ জুন মসজিদের দানবাক্সগুলো খোলে দান বাক্স থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসান মারুফসহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।