রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু

গত ১৯ নভেম্বর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ওই ৫ জন দগ্ধ হন 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুন্নাহার বেগম (৫২)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিস্ফোরণে শামসুন্নাহারের শরীরের ৪০% পুড়ে গিয়েছিল।

এর আগে মঙ্গলবার মারা যান তার মেয়ে সানজিদা ইসলাম (২০)। এছাড়া ২০ নভেম্বর বাসার সাবলেট ভাড়াটিয়া ইফতি সাবা (২৫) এবং ২১ নভেম্বর সাবার এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদের মৃত্যু হয়।

এ ঘটনায় সাবার স্বামী আব্দুর রহমান মানিক (৩২) শরীরের ৬% দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সানজিদা গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মানিক ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে সাবলেট থাকতেন।

গত ১৯ নভেম্বর সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, “বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যায়।”

মানিক জানান, বৃহস্পতিবার সকালে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান, তার শরীরে আগুন জ্বলছে। পাশেই তার দেড় বছর বয়সী ছেলে মাহাদ ঘুমাচ্ছিল। শিশুটিও আগুনে পুড়ছিল।

ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় মানিক দেখেন, তার স্ত্রী, শামসুন্নাহার ও সানজিদা দগ্ধ অবস্থায় দৌড়ে বাইরে বেরিয়ে আসছেন।

মানিক বলেন, “বোতলজাত গ্যাসে চুলা জ্বলত, তবে সিলিন্ডার রাখা ছিল নিচতলায়।”

তার ধারণা, রাতে গ্যাস লিক করে ফ্ল্যাটে জমেছিল। সকালে তার স্ত্রী নাশতা তৈরি করতে গেলে বিস্ফোরণ ঘটে।

এসআই সুমন বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে ততক্ষণে আগুন নিভিয়ে ফেলা হয়েছিল। প্রতিবেশীরাই আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান।”

এই পুলিশ কর্মকর্তারও ধারণা, গ্যাস লিকেজের কারণে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।