খুলনা মহানগরীতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ছয়টি থানা এলাকায় সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হালিম শেখ নামে এক আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। একের পর এক প্রকাশ্যে গুলির ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ রাত ৯টার দিকে লবণচড়া থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে রাত ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন ঠিকাদার ও ব্যবসায়ী হালিম শেখ। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদুল ইসলাম জানান, রাতে কল্পতরু মার্কেট এলাকায় গুলির ঘটনায় হালিম শেখ আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল ৯টার দিকে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ৎ সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
দুপুর ২টার দিকে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিকেল ৪টার দিকে সোনাডাঙ্গা এলাকায় পালঙ্কি রেস্টুরেন্ট লক্ষ্য করেও গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিটি রেস্টুরেন্টের সাইনবোর্ডে লাগে। চাঁদা দাবির অভিযোগে রেস্টুরেন্টটি এর আগেও বন্ধ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া সুইস গেটসংলগ্ন পানুর চায়ের দোকান লক্ষ্য করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দোকানে থাকা লোকজন প্রাণভয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। হামলাকারীদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। একই দিন সন্ধ্যা ৬টার দিকে খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকায় সোনালি জুট মিলের সামনে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
সোনালি জুট মিলের ভাড়ার মালিক মো. রাসেল অভিযোগ করেন, গত ১০ ও ১৩ নভেম্বর সন্ত্রাসীরা ফোন করে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার সন্ধ্যায় মিলের গেটের সামনে এসে দুই রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাসার জানান, গুলির ঘটনার খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত বা গুলির খোসা পাওয়া যায়নি।
এদিকে খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, বেলায়েত হোসেন সড়কে সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
লবণচড়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, টুটুলের বাড়িতে গুলির ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানান, শলুয়া সুইস গেট এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
প্রসঙ্গত, ১৭ নভেম্বর রাতে আড়ংঘাটা বাজার কেন্দ্রীয় মসজিদের পাশে দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান (৫৫) ও ভ্যানচালক আব্দুল খালেক (৬৫) আহত হন। এক সপ্তাহের ব্যবধানে একই থানা এলাকায় আবারও গুলির ঘটনা ঘটল। এক দিনে নগরীর সাতটি স্থানে প্রকাশ্যে গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ আরও বেড়েছে।



