খুলনায় চাঁদা না পেয়ে বাড়ির গেটে দুর্বৃত্তদের গুলি

ভুক্তভোগী ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে জিএম হিসেবে কর্মরত আছেন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

দাবি করা চাঁদা না দেওয়ায় খুলনায় এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মহানগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ সমিতির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিল্টন ‘সিএসএস আভা সেন্টারে’ জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত আছেন। কয়েক দিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার দুপুরে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ের মধ্যে নগরীর ৭টি স্থানে গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।