সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৯৯।
রবিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯০০ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে ময়মনসিংহ বিভাগে ৯৫, চট্টগ্রামে ২৫২, খুলনায় ২৯৪, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৭১, বরিশালে ১৮৩ এবং সিলেটে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১৭ জন।



