মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।
শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো দালালের সঙ্গে যোগাযোগ না করতেও কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ করানোর পর কোনো কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮,০০০ টাকার বেশি দাবি করলে কিংবা হয়রানি, টালবাহানা বা অন্য কোনো ঝামেলা করলে তাৎক্ষণিকভাবে ই-মেইলে ([email protected]) মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস স্লিপ পেতে কোনো ফি দিতে হবে না। মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি ও পরিদর্শন করা হবে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।



