পাবনা সরকারি এডওয়ার্ড কলেজসংলগ্ন রাধানগর মহল্লার একটি বেসরকারি ছাত্রীনিবাস থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে “চাঁদের আলো” নামের ওই ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে পাবনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃত রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী গ্রামের বাসিন্দা। তিনি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কী কারণে রিলার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।“



