বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে নৌ পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম।
তিনি বলেন, “হত্যা করে মরদেহ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পিবিআইয়ের কাছ থেকে নিয়ে গেছে নৌ পুলিশ।”
তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের দুই দিন পর তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হলো।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মাকে ফোনে বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি।
পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
পিবিআই জানিয়েছে, তাহসিফ নিখোঁজ হওয়ার আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একটি সিসিটিভি ফুটেজে তাকে তাদের ভবনের নিচে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাহসিফের বন্ধু দীপ হিসেবে শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, দুজন হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।
এরপর জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মোটরসাইকেলটি তাহসিফের।



তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করলো পিবিআই