গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ডে ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক যাত্রী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন।
তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ১৫ থেকে ২০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেট কার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিন চালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুইটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশ কালে বরইতলা বাস স্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মারাত্মক আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।”
এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



