Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজও শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শিল্পাঞ্চলের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুইটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিল্পাঞ্চলের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে রবিবার (১৫ নভেম্বর) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৩টি পোশাক কারখানা।

পুলিশ জানায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা সরে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

রবিবার (১৫ নভেম্বর) থেকে ফার ইস্ট ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিংয়ের আওতাধীন এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্ লিমিটেড, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস্ লিমিটেড, এপেক্স ল্যানজারী লিমিটেড, এপেক্স ল্যানজারী লিমিটেড (এক্সটেনশন), এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড, এপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধি সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট ঘোষনা প্রেক্ষিতে সম্প্রতি পার্শ^বর্তী শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কর্তৃপক্ষ কারখানা সমূহের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার সর্বাত্নক প্রচেষ্টা গ্রহণ করে আসছে। দু:খজনকভাবে কারখানার শ্রমিকগন বেআইনীভাবে নিজ নিজ কর্মস্থলে নির্ধারীত কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মারত্নকভাবে ব্যাহত হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

   

About

Popular Links

x