পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ

খুলনা-ঢাকা-খুলনা জাহানাবাদ আন্তঃনগর ট্রেনটি সকালে চললেও রাতে বন্ধ রাখা হয়েছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে চলাচলকারী ২০ রুটে বাস চলাচল দুইদিন ধরে বন্ধ রয়েছে। এদিকে সকালে জাহানাবাদ আন্তঃনগর ট্রেন চললেও রাতে বন্ধ রাখা হয়েছে।

বাস চলাচল বন্ধ থাকা রুটগুলো হচ্ছে—খুলনা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, ঢাকা, টেকেরহাট, মাদারীপুর, শরিয়তপুর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট থেকে ঢাকা, সাতক্ষীরা থেকে ঢাকা, যশোর থেকে ঢাকা, বেনাপোল থেকে শরিয়তপুর, মাগুরা থেকে বরিশাল, যশোর থেকে বরিশাল, কুষ্টিয়া থেকে বরিশাল, ঢাকা থেকে বরিশাল, রাজশাহী থেকে বরিশাল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের ডাকে মোটরশ্রমিক ও বাস মালিকরা জরুরি বৈঠকে বসেন।

বৈঠকে বাস চালু করার জন্য আহ্বান জানানো হয়। প্রশাসন থেকে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু বাস মালিক ও শ্রমিকরা সাধারণ মানুষের জীবনে ঝুকি নিতে অপারগতা প্রকাশ করেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়েকটি বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ ও পদ্মাসেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিভিন্ন জেলা বাস মালিক সমিতি।

গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে রেখে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, ১৯ নভেম্বর দুপুরে খুলনা জেলা প্রশাসনের ডাকে মোটরশ্রমিক ও বাস মালিকরা জরুরি বৈঠকে বসেন। সেখানে কেডিএর চেয়ারম্যান শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাস চালু করার জন্য আহ্বান জানানো হয়। প্রশাসন থেকে নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু বাস মালিক ও শ্রমিকরা সাধারণ মানুষের জীবনে ঝুঁকি নিতে অপারগতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, এরপর প্রশাসন থেকে আগের রুট যশোর আরিচা হয়ে বাস চালানোর কথা বলেন। এ ক্ষেত্রে জটিলতা হলে রুট পারমিট। প্রশাসন থেকে রুট পারমিট নিয়ে কোনো জটিলতা হবে না বলে আশ্বস্ত করা হয়। এর ফলে মালিকরা খুলনা থেকে যশোর আরিচা হয়ে ১৯ নভেম্বর বেলা ২টা থেকে সাবেক রুটে বাস চালানো শুরু করেছেন। কিন্তু গোপালগঞ্জ ও পদ্মাসেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশালে গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করছে না। তবে বাগেরহাট পিরোজপুর হয়ে বরিশালে বাস চলছে।

প্রসঙ্গত, ১৮ নভেম্বর দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বেলা ২টা থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর ফলে গোপালগঞ্জ হয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানি দিয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে।

এদিকে, খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. জাকির হোসেন জানান, খুলনা থেকে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু হয়ে ১৯ নভেম্বর ভোরে জাহানাবাদ আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। কিন্তু রাতে ট্রেনটি ফেরেনি। ১৯ নভেম্বর রাতে নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে খুলনা জাহানাবাদ ট্রেন বন্ধ রাখা হয়। ট্রেনটি তাই দুপুরে ঢাকা থেকে ছেড়ে বেনাপোল যাওয়ার পর রাতে বেনাপোল থেকে সরাসরি খুলনায় চলে আসে। ২০ নভেম্বর ভোরে জাহানাবাদ আন্তঃনগর ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।