বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার পথে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সব পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরাসরি ঢাকা-কলকাতা পথের বাসগুলো চলাচল করছে বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে ভারত ফেরত যাত্রীদের মধ্যে কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে ফিরছেন।
বৃহস্পতিবার ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। এছাড়া যাত্রাপথের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও সহিংসতার কারণে ভারত থেকে আসা যাত্রীর সংখ্যা একেবারেই কম। যারা নিতান্তই ফিরছেন তারা লোকাল বাস কিংবা ট্রেনে করে যাওয়ার চেষ্টা করছেন।
শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, “লকডাউনের কারণে সরাসরি কলকাতা-ঢাকার বাস ছাড়া কোনো পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কোলকাতা থেকে ছেড়ে আসা দুটি বাস বেনাপোল থেকে ছাড়া হয়েছে। ভারত থেকে আসা যাত্রীরা অনেকেই সেই বাসে ঢাকায় যান।
তিনি আরও বলেন“আজ বৃহস্পতিবার কলকাতা থেকে চারটি বাস আসবে। ভারত থেকে আসা অন্যান্য যাত্রীরাও সেই বাসে গন্তব্যে যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করছেন। এছাড়া কোনো বাস নেই।”
সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক সহিদুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের লকডাউনের কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় বাস ছাড়া যাচ্ছে না। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই বাস ছাড়া হবে।”
বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কাউন্টারের ব্যবস্থাপকরা জানান। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রয়েল কোচ পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক মুকুল হোসেন বলেন, “পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ীর মত দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে বরিশালগামী বাসগুলো ছেড়ে যাচ্ছে।”



