সিলেটে দাঁড়িয়ে থাকা ৪ বাসে আগুন

বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে সিলেট ল’কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, “কারা বা কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছে পুলিশ।”

তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।