সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘা উপজেলার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে চড়ে পাঁচ থেকে ছয়জনের একটি দল এসে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক দাবি করেন, কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের বাধা দেন। তাদের প্রাচীর টপকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি; তবে তারা বাড়ির ফটকে আগুন ধরিয়ে দিলে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন।
এদিকে, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। ফলে অগ্নিসংযোগের এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।



